একটি ভিনদেশী ভাবনা ও তুমি
ফ জ লু র র হ মা ন
তোমার চুলে বিলি কাটি বলে আমি বন্য এমন যারা ভাবে তারা ভুল ভাবে।
আমি আলো নেভা অন্ধকারে তোমার মন হাতড়ে ঝিনুক খুঁজি,
প্রেমের হারানো মুক্তো সে ঝিনুকে পাবো ভেবে কতবার ডুবি আর ভাসি।
তখন তো কেউ আমাকে মন ডুবুরি বলে না,
প্রেমে নিন্দার জলে ডোবে সবাই,
আমি কেবল ভাসি;
কই আমাকে তো কেউ ভালোবাসার ভেলা বলে না।
তোমার চোখ ছোব এমন আকুলি-বিকুলি দেখে যারা আমাকে বেহায়া ভাবে তারা ভুল ভাবে।
তুমি তাদের বলে দাও মদ,সিগারেটের নেশা আমার নেই,
আমি তাদের মতো মাতালও নই,
দিনে- দুপুরে পড়ায়,মহল্লায় চিৎকারে আমি ঢি ঢি ফেলে দিই না।
ভিন্ন নারীর শরীরের মানচিত্রের খোঁজে রাত-দুপুরে অচেনা দরজায় কড়া নাড়ি না।
তোমার চোখে যে জাদু-টোনা তার আছর ছাড়াতে
আমার এক পুরুষের কাল কেটে যায়,
যত বড় গুনিনই ধরি না কেন আমার ঘোর কাটাতে পারে না।
যারা বলে তোমার রূপে আমি বেহুঁশ,মৃতের মতো পড়ে থাকি তারা ভুল ভাবে।
তোমার, কেবলই তোমার রূপে বুঁদ হয়ে;
তোমার নির্মাণ কারিগরকে খুঁজে ফিরি,
কী ভীষণ আকুলতায়!
কী প্রগাঢ় ব্যাকুলতায়!
কী নিবিড় আরাধনায়!
আমি ঘুমে ঘুমে জেগে রয়,
তোমাকে আবিস্কারের নেশায়।
তোমার খড় বিছানো মনের পথ ধরে;
ওলি-গলি হাতড়ে তোমাকে ভুলতে গিয়ে,
তোমাকে নিঃশ্বাসের মতন কেমন করে জাপটে ধরি।