জার্মানবাংলা স্পোর্টস ডেস্ক: স্বল্প সময়ের ক্যারিয়ার দিয়েই অনেকের বিবেচনায় ফরাসী তারকা কিলিয়ান এমবাপ্পেকে আগামী দিনের পেলে হিসেবে দেখতে পাচ্ছেন। বিশ্ব ফুটবলে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় ব্রাজিলিয়ান কিংবদন্তী ‘কালোমানিক’ খ্যাত পেলেকে। সেই কিংবদন্তীর সমকক্ষতা অর্জনের পথেই এগিয়ে যাচ্ছেন ক্ষীপ্রতা গতিসম্পূর্ণ ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে।
এ বিষয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে নিজেও বলেছেন, এই তরুণের মধ্যে যে ধরনের গুণাবলি আছে তাতে তার সমকক্ষ হতে খুব বেশিদিন লাগবে না।
ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয় পেলেকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। একইসাথে তার নেতৃত্বে সান্তোস ছয়টি ব্রাজিলিয়ান লিগ শিরোপা ছাড়াও দুটি কোপা লিবারতোদোরেস শিরোপা জিতেছে। ১৯৭৭ সালে পেলের বর্ণাঢ্য ফুটবলীয় ক্যারিয়ার শেষ হয়। এমবাপ্পে টিন এজার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে একাধিক গোল করে ছুঁয়েছেন পেলেকে। এমনকি টিন এজার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার কীর্তিও পেলে আর এমবাপ্পে বাদে আর কারো নেই।
৭৮ বছর বয়সী এই ফুটবলীয় কিংবদন্তীর সমতুল্য হতে হলে ফরাসি তারকা এমবাপ্পেকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। কিন্তু রাশিয়া বিশ্বকাপে তার নেতৃত্বে যেভাবে ফ্রান্স বিশ্বকাপ জয় করেছে তাতে অনেকেই তার মধ্যে সাবেক তারকাদের ছায়া দেখতে পাচ্ছেন।
১৯৫৮ সালে টিনএজার হিসেবে পেলে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ জয় করেছিলেন। সেই স্মৃতি স্মরণ করে পেলে বলেন, ‘এমবাপ্পে ১৯ বছর বয়সে বিশ্বকাপ জয় করেছে। আমি যখন প্রথম বিশ্বকাপ জিতেছি তখন আমার বয়স ছিল মাত্র ১৭। আমি বিশ্বাস করি সে নতুন পেলে হিসেবে আবির্ভূত হবে। অনেকেই হয়ত মনে করতে পারে আমি উপহাস করে একথা বলছি, মোটেই না। এটা কোনো কৌতুক নয়।’