আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল, তেমনই থাকবে। তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না।”
আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
“সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। জনগণের জানমাল রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অস্থিতিশীলতা হতে দেওয়া হবে না।”
এর আগে গত ৫ নভেম্বর কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হতে পারে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা সেই তথ্য অস্বীকার করেন।