খেলা: ইনজুরি কাটিয়ে অবশেষে বাংলাদেশ স্কোয়াডে যোগ দিচ্ছেন সাকিব। দলের শক্তি বাড়াতে শ্রীলংকার বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে দেখা যেতে পারে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে।
ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। আশা করেছিলেন, নিদাহাস ট্রফির শুরু থেকেই খেলতে পারবেন। কিন্তু পরবর্তীতে চোট গুরুতর আকার ধারণ করায় ছিটকে যান শ্রীলঙ্কায় অনুষ্টিত নিদাহাস ট্রফি থেকে। এরপর বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে থাইল্যান্ডে যান। সেখান থেকে ঢাকায় ফিরে কলম্বো আসেন। কলম্বো থেকে পরে যান অস্ট্রেলিয়ায়।
অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে মিরপুরে পুরোদমে অনুশীলনও শুরু করেছেন সাকিব। আজ বিকেলে কলম্বোয় পৌঁছানোর কথা বাংলাদেশ অধিনায়কের।সব ঠিক থাকলে কাল শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে দেখা যেতে পারে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ককে।
তবে সাকিব ফিরলে একাদশ থেকে বাদ দিতে হবে একজনকে। সেই ‘একজন’ হতে পারেন সৌম্য ,সাব্বির কিংবা মিরাজ।
সাকিব না থাকায় নিদাহাস ট্রফিতে যোগ দিয়েছিলেন লিটস দাশ। কিন্তু প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে লিটনের উপর আস্থা রাখবেন টিম ম্যানেজমেন্ট। তবে সাকিব খেললে দল থেকে বাদ পড়তে পারে সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের যেকোনো একজন। প্রথম তিন ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য সরকার। তিন ম্যাচে তার স্কোর ১৪, ২৪ ও ১। এদিকে মিরাজের খেলাটাও ঠিক টি-টোয়েন্টির সঙ্গে যাচ্ছে না। তিন ম্যাচে কোনো উইকেট পাননি মিরাজ। তাই মিরাজকে বাদ দিয়ে সাকিবকে অন্তর্ভুক্ত করাতেই পারেন টিম ম্যানেজমেন্ট। তবে শেষপর্যন্ত কে বাদ পড়বেন, তা জানতে চোখ রাখতে হবে টস হওয়া পর্যন্ত।