দেশের তরুণদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে সব জেলায় দুই মাসব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিনামূল্যে বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে কোনো প্রশিক্ষণ ফি নেওয়া হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ও খাবারের ভাতা দেওয়া হবে।
সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষ এ প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে।
এ ছাড়া প্রার্থীদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির মৌলিক ধারণা থাকা বাধ্যতামূলক। তথ্যপ্রযুক্তির প্রাথমিক জ্ঞানের পাশাপাশি মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীদের চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার দেওয়া হবে।
দেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে একযোগে পুরো প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তথ্য প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে ১ অক্টোবর থেকে শুরু হবে দুই মাসের প্রশিক্ষণ। কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।