তোফাজ্জল হোসেন,মদন(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩ কৃষকের বসত ঘর পুড়ে পরিবারের সদস্যগণ সর্বশান্ত হয়ে পড়েছে। সোমবার গভীর রাতে উপজেলার দেওসহিলা গ্রামের আনিছের বসত ঘরের বিদ্যুৎ এর সটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে মূহুর্তের মধ্যে তার ঘরসহ এনায়েত মড়ল,রেনু আক্তারের বসত ঘর পুড়ে এসএসসি পরিক্ষার্থীর প্রবেশপত্রসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবারের লোকজন ঘুম থেকে উঠে শুধু নিজেদের জীবন বাচানো ছাড়া আর কোনো কিছুই রক্ষা করতে পারেনি। কৃষির ভরা মৌসুমে এ ভয়াবহ ক্ষতিতে পরিবার গুলো দিশেহারা হয়ে পড়েছে।
আশেপাশের লোকজন ঘুম থেকে জেগে উঠে পাশের ঘরগুলো রক্ষা করতে পারলেও তিনটি ঘর এর আগেই পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ এনায়েত মড়ল জানান, হাওর থেকে এসে প্রতিদিনের ন্যায় বসত ঘরে ঘুমিয়ে পড়লে হৈ-হুল্লুর শুনে ঘুম থেকে জেগে দেখি আগুন। পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও আর কোনো কিছুই রক্ষা করতে পারেনি। আমরা সর্বশান্ত হয়ে পড়েছি। কি খাব-কোথায় বসবাস করব, কিভাবে কৃষি কাজের খরচ চালাব দিশেহারা হয়ে পড়েছি। আমাদের রক্ষা করার জন্য দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ পয়োজন।
ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করে কৃষক পরিবার গুলোর দুরাবস্থার বর্ণনা দিয়ে কর্তৃপক্ষের সহযোগীতায় এদের পূর্ণবাসনে যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান।