দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ এসেছে নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের খবরে। নীতির ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম আজ সোমবার গণমাধ্যমে এক বিবৃতিতে বলেন, “নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে ৫০০ টাকার সংযোগে খরচ বাড়বে ১০০ টাকা এবং এক হাজার টাকার সংযোগে খরচ বাড়বে ২০০ টাকা পর্যন্ত।”
তিনি সতর্ক করে বলেন, “টেলিকম পলিসি সংশোধন না হলে বাংলাদেশ ‘ডিজিটালি শাটডাউন’ হয়ে যেতে পারে। এতে করে দেশের ডিজিটাল সেবার প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হবে।”
আইএসপিএবি সভাপতি জানান, নতুন নীতিতে লাইসেন্স ফি, ব্যান্ডউইথ চার্জ ও ইনফ্রাস্ট্রাকচার ব্যবহারের খরচ বৃদ্ধি পাওয়ায় এ চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়বে। তিনি বলেন, “যেখানে সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছে, সেখানে এ ধরনের নীতি বিপরীত প্রভাব ফেলবে।”
তিনি আরও বলেন, “ইন্টারনেট এখন নাগরিক জীবনের মৌলিক চাহিদা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। এই খাতে অতিরিক্ত চাপ দেশের ডিজিটাল অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে।”
আগামী জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন আইএসপিএবি সভাপতি। তাঁর মতে, “ডিজিটাল বাংলাদেশের সাফল্য ধরে রাখতে টেলিকম নীতিকে যুগোপযোগী ও ব্যবহারবান্ধব করা জরুরি।”