মোঃ আরিফ ঢালী, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দূর্ঘটনায় মোঃ রুবেল শেখ (৩০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১৪ জন।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খুলনা- মাওয়া মহাসড়কের মোল্লাহাটের বোয়ালিয়া ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রুবেল শেখ মোল্লাহাট উপজেলার চরকান্দি গ্রামের মোস্তফা শেখের ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির ঘটনাস্থল থেকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রুপসী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌছে রাস্তা পার হতে থাকা একটি নির্মাণ শ্রমিকবাহী নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। এসময় আরো ১৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।