জার্মানবাংলা ২৪ ডটকম: সিটি নির্বাচনের বড় চমক মনে হয় বরিশালেই হয়েছে। নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে জয় পেয়েছে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ । তিনি ১০৭ কেন্দ্রে ভোট পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৮০১ এবং অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন মাত্র ১৩ হাজার ৪৯ ভোট।
সোমবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট চলাকালে অনিয়মের অভিযোগে ১৫ নির্বাচনী কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। সিটিতে মোট কেন্দ্র সংখ্যা ১২৩।
নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর মধ্যে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অনিয়ম-কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। ভোট স্থগিতের দাবি জানান আরও তিনজন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার ধানের শীষ, আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নৌকা, সিপিবির প্রার্থী আবুল কালাম আজাদ কাস্তে, বাসদের প্রার্থী মনীষা চক্রবর্ত্তী মই, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ওবাইদুর রহমান মাহাবুব হাতপাখা, শরিক জাতীয় পার্টির নেতা মো. ইকবাল হোসেন লাঙ্গল এবং জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বশীর আহমেদ ঝুনু স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।