ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোস্টারিকাকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। শুক্রবার (২৭ নভেম্বর) কাতারের দোহার আসপায়ার জোনে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। এই জয়ে গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে গ্রুপসেরা হয়েই পরের রাউন্ডে উঠেছে সেলেসাওরা।
আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হওয়ায় এই ম্যাচে শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন ব্রাজিল কোচ কার্লোস এদুয়ার্দো পেতেতুচি। তবু আক্রমণের ধার কমেনি দলটির। ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই রদ্রিগো জুনিয়রের ভলিতে গোলের সুযোগ তৈরি হয়। তবে প্রথমার্ধে একাধিক চেষ্টা করেও গোলের দেখা পায়নি ব্রাজিল।
বিরতির পর কাওয়ে ফুরকিম ও গুস্তাভো আফনসোকে মাঠে নামান কোচ; আর তাতেই আক্রমণে গতি বাড়ে ব্রাজিলের। দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে গোলের খাতা খোলেন রদ্রিগো জুনিয়র। বাঁ দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে জোয়াও ভিতর পাস দেন কারামিকোকে; তাঁর শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে এলে ফিরতি বল পেয়ে নিখুঁত শটে গোল করেন রদ্রিগো।
এর পাঁচ মিনিট পর পেনাল্টি পায় ব্রাজিল। বক্সের মধ্যে কারামিকোকে ফাউল করা হলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে সফল লক্ষ্যভেদ করে ব্যবধান ২-০ করেন বদলি নামা কাওয়ে ফুরকিম।
ম্যাচের ৭০ মিনিটে আসে তৃতীয় গোল। কর্নার থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন রিকেলমে। কোস্টারিকার গোলরক্ষক বলটি ফিরিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন লুকাস এমানুয়েল। শেষ পর্যন্ত ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
সূত্র: আন্তর্জাতিক ক্রীড়া ডেস্ক।