পর্যায়ক্রমে দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ ভাতা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মূল কর্মসূচি বাস্তবায়নের জন্য গত ১২ অক্টোবর (সোমবার) থেকে দেশব্যাপী একযোগে সব এলাকার খানা বা পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি এ তথ্য জানান। তিনি বলেন, এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা (পরিবার) তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে সমাজকল্যাণ মন্ত্রণালয় জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত কর্মসূচির পাইলটিং পর্যায়ে আট বিভাগের ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। প্রক্সি মিনস টেস্ট বা পিএমটি (পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাইয়ের পদ্ধতি) স্কোরের মাধ্যমে ৭৭ হাজার ৮৯৪ জন নারীকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচন করা হয় এবং মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৪ হাজার ২৯৫টি (৯৫ শতাংশ) খানা ভাতার আওতায় এসেছে।
বৈঠকে আরও জানানো হয়, আগামী ডিসেম্বরের মধ্যে দেশব্যাপী আনুমানিক ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে এবং ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬টি খানার তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। প্রতি পাঁচজন সদস্যকে একটি পরিবার হিসেবে একজন নারী প্রধানকে বিবেচনায় নিয়ে এই হিসাব নির্ধারণ করা হয়েছে। মাঠপর্যায়ে সরাসরি অনলাইনে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ শেষে নিয়োগ দেওয়া হয়েছে এবং তথ্য সংগ্রহকারীদের ৬৬ হাজার ৮১৫টি ট্যাব সরবরাহ করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, উপকারভোগীদের অ্যাকাউন্ট খোলা, কার্ড প্রস্তুত ও ব্যাংকিং সেবা দিতে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও কৃষি ব্যাংক এবং বেসরকারি পূবালী ব্যাংককে যুক্ত করা হয়েছে। এ ছাড়া সিমকার্ড, ইন্টারনেট সেবা ও ডিভাইস সিকিউরিটির জন্য ৫৬টি জেলায় গ্রামীণফোন এবং চট্টগ্রাম বিভাগের (পার্বত্য এলাকাসহ) ৮টি জেলা ও কুমিল্লা এবং চাঁদপুর সদর উপজেলায় রবি আজিয়াটাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপকারভোগীরা যাতে ব্যাংকের এটিএম বুথ ও পিওএস মেশিন ছাড়াও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এজেন্ট এবং প্রান্তিক পর্যায়ে সফট পিওএস ব্যবহার করে ভাতা তুলতে পারেন, সে জন্য বাংলাদেশ ব্যাংক ও সব এমএফএস অপারেটরের সঙ্গে আন্তঃসংযোগ স্থাপনের কাজ চলছে।
চলতি অর্থবছরে নতুন ৪০ লাখ নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার। উল্লেখ্য, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিম্ন আয়ের ও দরিদ্র পরিবারগুলোকে সরাসরি নগদ সহায়তা দিতে গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন; যার আওতায় প্রতিটি পরিবারের নারী সদস্য মাসে আড়াই হাজার টাকা করে পাচ্ছেন।
বৈঠকে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন এবং অর্থ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দেয় সংসদীয় কমিটি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কার্ড প্রদানে একাধিকবার তদন্ত, যাচাই ও গণশুনানির ব্যবস্থা রাখা হয়েছে। কমিটির সভাপতি মো. শাহজাহান এমপির সভাপতিত্বে বৈঠকে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুণ রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সূত্র: জাতীয় সংসদ সচিবালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়।