রাজধানীতে হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যুর পর সতর্কতামূলকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের উড়ালপথে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিলারের ওপর থেকে ভারী বিয়ারিং প্যাডটি খুলে পড়ে নিচে হাঁটতে থাকা আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তির ওপর। তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে। দুপুর সাড়ে ১২টার পর থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কখন আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ডিএমটিসিএল।
এ ঘটনার কারণে রাজধানীর বিভিন্ন মেট্রো স্টেশনে বিপুল সংখ্যক যাত্রী আটকা পড়েন। কেউ কেউ বিকল্প পরিবহন খুঁজে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, তবে যানজটের কারণে দুর্ভোগ বেড়েছে বহুগুণে।
উল্লেখ্য, এর আগেও গত ১৮ সেপ্টেম্বর একই ধরনের ঘটনা ঘটে। সেদিন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল। ধারাবাহিকভাবে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ায় মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মেট্রোরেলের উড়ালপথে পিলারের ওপর থাকা এসব রাবার বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এগুলো ট্রেনের চলাচলের সময় কম্পন শোষণ করে কাঠামোর ভারসাম্য রক্ষা করে। বিয়ারিং প্যাড খুলে গেলে কাঠামোর স্থানচ্যুতি বা দেবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এজন্যই সতর্কতামূলকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে।