জার্মান-বাংলা ডেস্ক: অদ্য ২১.০৮.২০১৯ ইং তারিখ বিভিন্ন পত্রিকায় কুষ্টিয়া জেলার কুমারখালীতে নিখোঁজ নার্সের বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনার সংবাদ প্রকাশিত হয়েছে। নির্যাতনের শিকার বিলকিসের স্বামী জানান, বিলকিস শহরের ডক্টরস ল্যাব অ্যান্ড প্রাইভেট হাসপাতালের নার্স হিসাবে কর্মরত ছিল। গত ১৭.০৮.২০১৯ তারিখ নিখোঁজ হবার পর গত ২০.০৮.২০১৯ তারিখ উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর বাশেরঁ সাঁকো সংলগ্ন এলাকা থেকে বিলকিসের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। কেউ যেন লাশ সনাক্ত করতে না পারে সেজন্য দুর্বৃত্তরা বিলকিসের মুখ ঝলসে দেওয়ার চেষ্টা করে।
২১.০৮.২০১৯ ইং তারিখ বিভিন্ন পত্রিকায় মাদারীপুরে ট্রলার থেকে তুলে নিয়ে দুই মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ঘটনার সংবাদ প্রকাশিত হয়েছে। মাদারীপুর শহর থেকে ১৯.০৮.২০১৯ তারিখ ৬ষ্ঠ ও নবম শ্রেণীর দুই ছাত্রী ট্রলারে করে পাচঁখোলা ইউনিয়নে যাচ্ছিল। আর কেউ না থাকার সুযোগে কালিয়াপুরে ট্রলার থামিয়ে দুই ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে বখাটেরা।
২১.০৮.২০১৯ ইং তারিখ বিভিন্ন পত্রিকায় নারায়নগঞ্জের সোনারগায়েঁ নৃত্যশিল্পীকে গণধর্ষণের ঘটনার সংবাদ প্রকাশিত হয়েছে। গত ১৯.০৮.২০১৯ তারিখ মঞ্চে অনুষ্ঠান করার কথা বলে এক নৃত্যশিল্পীকে দলবেঁধে ধর্ষণ করে পাচঁ যুবক।
বাংলাদেশ মহিলা পরিষদ উপরোল্লেখিত হত্যা ও ধর্ষণের ঘটনাসমূহসহ হত্যা ,ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। ঘটনাসমূহের সাথে জড়িতদের সনাক্তকরণপূর্বক দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি, ঘটনার শিকার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে। সেই সাথে হত্যা ও ধর্ষণের ঘটনা বৃদ্ধির কারণ উদঘাটনসহ সরকারের নিকট এই ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনসহ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাচ্ছে।