আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন কলকাতার মৎস্য আমদানিকারকরা। এ বিষয়ে ভারতের ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) পাঠানো ওই চিঠিতে বাংলাদেশ থেকে পুনরায় ইলিশ আমদানির সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়।
চিঠিতে সংগঠনটি জানায়, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছেন তারা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন আমদানিকারকরা।
ভারতীয় আমদানিকারকদের ভাষ্য, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে মাত্র এক মাসের জন্য বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি করা হচ্ছে। তবে সীমিত সময়ের এই ব্যবস্থা ব্যবসায়িকভাবে প্রত্যাশিত ফলাফল নিশ্চিত করতে পারছে না।
চিঠিতে দুই বাংলার অভিন্ন সংস্কৃতি, ভাষা ও খাদ্য ঐতিহ্যের বিষয়টি তুলে ধরা হয়। এতে বলা হয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও ত্রিপুরার মানুষের কাছেও পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয় একটি খাবার।
সার্বিক বিষয় বিবেচনা করে ইলিশ রপ্তানির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটি আশা প্রকাশ করেছে, এতে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে।
সূত্র: এএনআই।