এ.এম. উবায়েদ কিশোরগঞ্জ প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার আমিনুল ইসলাম রজব আলীর মৃত্যুদণ্ডের আদেশে কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ আনন্দ মিছিল করেছে। আজ সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহর নেতৃত্বে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কার্যালয়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ। তিনি অবিলম্বে আলবদর কমান্ডার আমিনুল ইসলাম ওরফে রজব আলী (৬২) কে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান।
এ সময় সাবেক ডেপুটি কমান্ডার বাছির উদ্দিন ফারুকী, আব্দুল মান্নন, কিশোরগঞ্জ সদর উপজেলার সাবেক কমান্ডার ভুপাল নন্দী, সদস্য অধ্যাপক আবুল কাশেমসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মৃত্যুদনণ্ডে দণ্ডিত আলবদর নেতা আমিনুল ইসলাম ওরফে রজব আলী অষ্টগ্রাম উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা । অষ্টগ্রাম উপজেলার আলীনগর গ্রামের আমিনুল ইসলাম ওরফে রজব আলী ভৈরব হাজী হাসতম আলী কলেজে একাদশ শ্রেণিতে পড়া অবস্থায় ইসলামী ছাত্র সংঘের কলেজ শাখার সভাপতি ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় ভৈরবে পাকিস্তানি সেনা ক্যাম্পে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে রজব আলী এলাকায় আল বদর বাহিনী গঠন করেন।
মৃত্যুদণ্ডে দণ্ডিত আলবদর নেতা আমিনুল ইসলাম ওরফে রজব আলী ও লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বিরুদ্ধে একাত্তরে হবিগঞ্জের লাখাই থানা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানা এলাকায় গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের সাতটি অপরাধের অভিযোগ আনা হয়েছে।