জার্মানবাংলা বিশেষ রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের রাজনীতিতে চলেছে কঠিন হিসাব-নিকাশ। দীর্ঘ দিনের রাজনৈতিক রফরও গলতে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের আহ্বানে সাড়া দিয়েছেন। যা ‘টক অব দা কান্ট্রি’তে পরিণত হয়েছে। আর সেই কাঙ্ক্ষিত সংলাপ আজ। সংলাপের নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের ২১ নেতা অংশ নেবেন। বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ২১ নেতার মধ্যে আওয়ামী লীগের ১৭ জন, জাসদের দুই নেতা, সাম্যবাদী দলের ১ জন ও ওয়াকার্স পার্টির ১ জন উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের ১৭ নেতার মধ্যে রয়েছেন- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফরুল্লাহ, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
এছাড়াও আওয়ামী লীগের ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, আব্দুর রহমান, ড. আবদুস সোবাহান গোলাপ, ড. হাছান মাহমুদ ও অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বৈঠকে উপস্থিত থাকবেন। অন্যদিকে, জাতীয় সমাজতান্ত্রিক দলের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মঈনুদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া এবং ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন বৈঠক অংশ নেবেন।
ঐক্যফ্রন্টের যারা থাকছেন: গণভবনের সংলাপে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের দলনেতা হিসেবে থাকবেন ড. কামাল হোসেন। বিএনপি থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস। নাগরিক ঐক্য থেকে থাকবেন মাহমুদুর রহমান মান্না ও এস এম আকরাম। গণফোরাম থেকে মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী। জেএসডি থেকে আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন ও তানিয়া রব। ঐক্য প্রক্রিয়া থেকে সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন ও স্বতন্ত্র হিসেবে থাকবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।