মশিউর রহমান আনন্দ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, গ্রেফতার, কারাগারে প্রেরণ ও রিমান্ডের প্রতিবাদে মঙ্গলবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী ও স্বাধীন শিক্ষকবৃন্দ মুখে কালো কাপড় বেঁধে মিছিল বের করে ।
মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বক্তব্য রাখেন, ঢাবির সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষিকা ছাবিনা লুৎফা। তিনি বলেন, মাইদুল ইসলাম-এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা স্বাধীন চিন্তাভাবনা প্রকাশের হুমকিস্বরূপ। তাকে রিমান্ডে পাঠিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে।
তিনি আরো বলেন, হয়রানীমূলক মামলায় যেসব ছাত্র-শিক্ষক বন্দী আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মুক্তি দিতে হবে; নির্যাতিত শিক্ষকদের চাকরিতে পুনরায় বহাল করতে হবে এবং স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জি এইস হাবিব বলেন, চবি শিক্ষিক মাইদুল ইসলাম-এর মতো একজন সন্মানীত শিক্ষক কারাগারে আছে সেটা আমাদের জন্য লজ্জাকর। মাইদুল ইসলাম একজন প্রতিভাবান শিক্ষক। তিনি শুধু প্রশ্ন করেছেন। সমালোচনা করেছেন। এটাই তাঁর অপরাধ। তা কিভাবে হয়?
ইংরেজি বিভাগের অধ্যাপক তাসলিম সিরাজ বলেন, শিক্ষক জাতির বিবেক কিন্তু আজ বিবেক কারাগারে। যে দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই; সে দেশে কিভাবে স্বাধীন মত প্রকাশের চর্চা থাকতে পারে?
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নাসির উদ্দিন আহমেদ বলেন, জাতি যেন গ্যালিলিওর যুগে প্রবেশ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক গীতিয়ারা নাসরিন, কামাল চৌধুরী, ফাহমিদুল হক, আব্দুল মান্নান, ড. শাহানুর হোসেন, মোহাম্মদ আযমসহ প্রায় ২১জন শিক্ষকবৃন্দ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন।
আগামী ১৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে মত প্রকাশের স্বাধীনতার ওপর গোল টেবিল আলোচনার আয়োজন করা হয়েছে বলে সাংবাদিকদের জানান তারা ।