জার্মানবাংলা২৪ ডটকম: সারা দেশে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা ‘কাল্পনিক’ ৪ হাজার মামলা এবং ৩ লাখেরও বেশি লোককে আসামি করার বিষয়ে তদন্ত চেয়ে রিটের শুনানি শেষ। এ বিষয়ে মঙ্গলবার আদেশ দিবেন হাইকোর্ট।
সোমবার (৮ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদশের জন্য এ দিন ধার্য করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (নর্থ জোন), রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, রমনা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নয়জনকে বিবাদী করা হয়েছে।
জ্যেষ্ঠ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, প্রাক্তন মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বাদী হয়ে এ রিট করেন।