রামিম হাসান, ঝিনাইদহ প্রতিনিধি: অপহরণ করে ১৩ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগে ঝিনাইদহের সৃজনী এনজিওর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. হারুন অর রশিদ ও তার ছেলে তামিমসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মালয়েশিয়া ভিত্তিক মেডিকো গ্রুপের এরিয়া ম্যানেজার ও মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আরিফ হুসাইন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন যার মামলা নং-২১।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামী ড. হারুন অর রশিদ ও তার ছেলে তামিম পলাতক রয়েছে। এই মামলায় সৃজনীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হারুনের চাচাতো ভাই লাভলু ও কর্মচারী ওহিদুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ মামলা রেকর্ডের কথা স্বীকার করে জানান, অপহরণের ১৩ দিন পর আরিফ হুসাইন (২৯) নামে এক যুবককে পবহাটী গ্রামের একটি টর্চার সেল থেকে উদ্ধার করে পুলিশ।
বাদীর অভিযোগ গত ২৬ আগস্ট ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে সৃজনী এনজিওর নির্বাহী পরিচালক হারুন অর রশিদের ছেলে তামিম তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেই থেকে আরিফ পবহাটী গ্রামে সৃজনীর হেড অফিসে ৯দিন ও হারুনের বাগান বাড়িতে ৪ দিন আটক ছিলেন।
তবে সৃজনীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. হারুন অর রশিদ ঘটনার পর থেকেই বলে আসছেন আরিফকে আটকে রেখে মারধর বা কোন নির্যাতন করা হয়নি। লেনদেনের ঝামেলা মেটাতে সৃজনীর হেড অফিসেই ছিলেন আরিফ।