শিরোনাম :
ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়: রাষ্ট্রপতি জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে প্রথমবারের মতো দুই অঙ্কে বাংলাদেশ: তিন ধাপ এগিয়ে অবস্থান ৯৭তম সরকারি বাসা বা ফ্ল্যাট সাবলেট ও ভাড়া দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ: ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কঠোর নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের স্বল্প রাজস্ব ও জ্বালানি ভর্তুকির চাপে সংকুচিত উন্নয়ন বিনিয়োগ: বিশ্বব্যাংকের ‘পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ প্রতিবেদন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’-এর আত্মপ্রকাশ : রাজু আলীম সভাপতি ও ফাতেমা রহমান রুমা সাধারণ সম্পাদক মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি নিকো পাজ: বাড়ছে প্রত্যাশা ও আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আইসিজের চূড়ান্ত রায়: এইচআরডব্লিউ বলল, এটি দীর্ঘ প্রতীক্ষার স্বীকৃতি বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্ক স্থিতিশীল রাখতে যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নে সম্মত দুই পরাশক্তি

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস দিয়েছেন তিনি।

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন সরকারপ্রধান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব উপাধির চেয়েও গুরুত্বপূর্ণ হলো, স্বাধীনতার জন্য লড়াই করে একটি জাতির বিজয় অর্জনের গৌরব। এক জীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন সম্ভব হয় না বলেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ। উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তাদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন—সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।

মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দিবসে তাদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করা হয়েছে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি গর্বিত এবং মুক্তিযুদ্ধের গৌরব ও সাফল্য তাকেও আন্দোলিত করে। স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা সশস্ত্র বাহিনীর জন্যও গর্বের বিষয়। তিনি আরও বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে; ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।

সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত হলেও জীবনসায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার দীপ্তি জ্বলজ্বল করছে বলে উল্লেখ করেন তারেক রহমান। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে প্রতিবছর সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ যে উদ্যোগ নেয়, তার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।

সূত্র: প্রধানমন্ত্রীর প্রেস উইং ও তথ্য অধিদফতর (পিআইডি)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD