আদালতে মামলার জট ও চাপ কমাতে এবং সাধারণ বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করতে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ আয়োজনে ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচারে প্রবেশাধিকার কোনো বিশেষ শ্রেণির মানুষের বিশেষাধিকার নয়, বরং এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সরকার এই অধিকার নিশ্চিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে (এডিআর) সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বিশেষ করে লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের আওতায় প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে বিরোধগুলো দ্রুত, শান্তিপূর্ণ ও সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রচলিত মামলা-মোকদ্দমা সাধারণ ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ওপর ব্যাপক আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করে আসছে। এই পরিস্থিতি পরিবর্তনে প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে। প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, যোগ্য মধ্যস্থতাকারী এবং আস্থাশীল প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম নিশ্চিত করা গেলে হাজার হাজার নাগরিক মামলার পরিবর্তে সংলাপ ও সমঝোতার পথ বেছে নেন। পারিবারিক ও দেওয়ানি বিরোধের একটি উল্লেখযোগ্য অংশ প্রাক-মামলা পর্যায়েই নিষ্পত্তি হওয়ায় আনুষ্ঠানিক বিচারব্যবস্থার ওপর চাপ কমছে।
পাইলট প্রকল্পের সাফল্যকে স্থায়ী জাতীয় ব্যবস্থায় রূপান্তরের ওপর জোর দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, দেশের ৬৪টি জেলায় এ কার্যক্রম সম্প্রসারণে মন্ত্রণালয় প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। এ সময় বাংলাদেশের আইন খাতে কারিগরি সহযোগিতার জন্য জাপান সরকার ও জাইকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাণিজ্যিক আদালত আইন প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে বাণিজ্যিক আদালত আইনের খসড়া পুনর্গঠন করা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা যেন কোনোভাবেই আইনি প্রক্রিয়ার অপব্যবহার বা অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন।
অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন এবং জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। প্রকল্পের প্রধান উপদেষ্টা ফুজিওকা তাকুরো ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাইকার মধ্যে অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন-সংক্রান্ত চুক্তিও স্বাক্ষরিত হয়।
সূত্র: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।