শিক্ষা ব্যবস্থার সংকট, জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয়, জলবায়ু সুরক্ষা এবং সম্ভাব্য বাধ্যতামূলক সামরিক পরিষেবা চালুর বিরোধিতায় জার্মানির রাজপথে নামছে তরুণ প্রজন্ম। শনিবার (৩১ অক্টোবর) দেশটির ৩৪টি প্রধান শহরে ‘জেনারেশন জেড’ বা ‘Gen Z regelt’ আন্দোলনের ব্যানারে একযোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশজুড়ে এই কর্মসূচিতে অংশ নিতে ১ লাখ ৬০ হাজারেরও বেশি তরুণ-তরুণী সম্মতি ও আগ্রহ প্রকাশ করেছেন।
কর্মসূচিকে ঘিরে জার্মানির ফেডারেল এবং রাজ্য পর্যায়ের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভগুলোতে যে ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, সে অভিজ্ঞতা বিবেচনায় রেখে জার্মান পুলিশ ও প্রশাসন আগেভাগেই ব্যাপক প্রতিরোধমূলক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে আর্থিক রাজধানী খ্যাত ফ্রাঙ্কফুর্টের ওপেনপ্লাৎজ (Opernplatz), হাউপ্টভাখে (Hauptwache) এবং কনস্ট্যাব্লারভাখে (Konstablerwache) এলাকায় পুলিশের বিশেষ নজরদারি ও উপস্থিতি জোরদার করা হয়েছে। এ ছাড়া আজ ফ্রাঙ্কফুর্ট শহরে দুটি পৃথক বিক্ষোভ সমাবেশের পাশাপাশি ‘হ্যালোউইন’ উদ্যাপন থাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা।
জার্মানির ৯টি ফেডারেল রাজ্যে আজ ‘রিফরমেশনসট্যাগ’ (Reformationstag) উপলক্ষে সাধারণ ছুটি থাকলেও হেসেন ও বার্লিন রাজ্যে সরকারি কোনো ছুটি নেই। ফলে কর্মব্যস্ত দিনে এই বিশাল সমাবেশ ঘিরে জননিরাপত্তা রক্ষা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে প্রশাসন। তবে স্থানীয় কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, সংবিধানে প্রদত্ত শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে; কিন্তু এর আড়ালে কোনো সহিংসতা, ভাঙচুর বা জনশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা হলে তা কঠোর হাতে দমন করা হবে।
তথ্যসূত্র: জার্মানির স্থানীয় গণমাধ্যম