২৫ অক্টোবর (রোববার) প্রেসিডেন্ট সি চিন পিং ও বেলজিয়ামের রাজা ফিলিপ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে অভিনন্দনপত্র বিনিময় করেছেন।
সি চিন পিং উল্লেখ করেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছরে চীন ও বেলজিয়াম পারস্পরিক সম্মান, সমান আচরণ ও পারস্পরিক সুবিধার নীতিতে অটল থেকেছে এবং দুই দেশের সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত করেছে। উভয় পক্ষের বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা উজ্জ্বল ও ফলপ্রসূ হয়েছে, দুই দেশের জনগণের যোগাযোগ ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে। চীন-বেলজিয়াম সম্পর্ক উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দিয়ে জনাব সি বলেন, রাজা ফিলিপের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন তিনি। যাতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকীকে সুযোগ হিসেবে নিয়ে চীন-বেলজিয়াম সর্বাঙ্গীণ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অংশীদারিত্বের সম্পর্ককে ক্রমাগত নতুন স্তরে উন্নীত করা যায় এবং চীন-ইইউ সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নে নতুন অবদান রাখা যায়।
ফিলিপ বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বেলজিয়াম-চীন বিস্তৃত ও বহুমুখী সহযোগিতা সম্পর্ক গড়ে তুলেছে। প্রেসিডেন্ট সি চিন পিং ২০১৪ সালে বেলজিয়ামে সফল রাষ্ট্রীয় সফর করেন, যা তাঁর কাছে সুন্দর স্মৃতি। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, উভয় পক্ষ গত ৫৫ বছরের ভিত্তির ওপর অব্যাহতভাবে খোলামেলা সংলাপ এগিয়ে নেবে, বাস্তবসম্মত সহযোগিতা সম্প্রসারিত করবে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবে। বেলজিয়াম চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক সুবিধাজনক সম্পর্ক গড়ে তুলতে, বৈশ্বিক সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন প্রচারে ইচ্ছুক।
সূত্র: স্বর্ণা-তৌহিদ-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ