দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে সারাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৫ জনে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৮২৬ জন। ফলে উপসর্গসহ মোট মৃত্যুর সংখ্যা ৯২৫ জনে পৌঁছেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ১৪৪ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭১৫ জনের শরীরে।
হাম ও এর উপসর্গ নিয়ে এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৮ হাজার ২৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন।
নতুন করে আক্রান্ত ও উপসর্গ দেখা দেওয়া রোগীর পাশাপাশি মৃত্যুর সংখ্যাও অব্যাহত থাকায় দেশের জনস্বাস্থ্য পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।