কবি নজরুলের কবিতায়—
‘ঈদ মোবারক, ঈদ মোবারক
দোস্ত দুশমন পরও আপন
সবার মহল আজি হউক রওনক
যে আছ দূরে যে আছ কাছে
সবারে আজ মোর সালাম পৌঁছে’ মতো করে ঘরে-ঘরে ছড়িয়ে পড়ুক সৌহার্দ্যের বার্তা।
সারা দেশে আনন্দ আর মহামিলনের পদধ্বনি। এই উৎসবে শহর ও গ্রাম-গ্রামে বসেছে বাড়িফেরা মানুষের গল্প, আর আড্ডা। ঈদের নামাজ শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি হবে পশু। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই নিজেদের মধ্যে এই আনন্দ উপভোগ করবে।
পবিত্র ঈদকে কেন্দ্র করে শহর থেকে গ্রামে শিশু-কিশোর আর তরুণদের বিরাজ করছে বাড়তি আনন্দ।
ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক-পৃথক শুভেচ্ছা বাণীতে দেশবাসীকে সিক্ত করেছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ অনেক রাজনীতিকরা।
গ্রন্থনায়: শামস রহমান