জার্মানবাংলা২৪ ডটকম: ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় গরুবাহী ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের ফেনী সদর হাসপতাল এবং চট্টগ্রামের মীরসরাই বারৈয়ার হাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন শিশু আর তিনজন নারী। তারা সবাই পরস্পরের আত্মীয়।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই মো. মাহবুব আলম বলেন, বিদেশ থেকে আসা এক আত্মীয়কে আনতে ফেনী থেকে ওই মাইক্রোবাসে করে তারা চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাচ্ছিল। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওই দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়ার পর সকাল ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানান তিনি। দুর্ঘটনাকবলিত ওই ট্রাকে ১৭টি গরু ছিল।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবির হোসেন জানান, মাইক্রোবাসটি সুলতানা ফিলিং স্টেশন পার হওয়ার সময় কোরবানীর গরুবাহী ওই ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাহনই দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং মাইক্রোবাস থেকে ছয় জনের লাশ উদ্ধার করে।