অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রকল্পটি পরিকল্পনাগত ত্রুটির কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে। সচিব কমিটির পরামর্শে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবটি থেকে সরে এসেছে বলে আজ সোমবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।
সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে সরকার এই ব্যাখ্যা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে সারাদেশের ২ হাজার ৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সচিব কমিটির মতে, এই স্বল্পসংখ্যক নিয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় কোনো বাস্তব সুফল পাওয়া যাবে না, বরং এতে শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রস্তাবিত ক্লাস্টারভিত্তিক নিয়োগ বাস্তবায়িত হলে একজন শিক্ষককে ২০টিরও বেশি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হতো—যা বাস্তবসম্মত নয় বলে কমিটি মত দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে পর্যাপ্ত অর্থসংস্থান নিশ্চিত হলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষকের পদ সৃষ্টি ও সে অনুযায়ী নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।