বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়া মূল্যায়নে ঢাকায় এসেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)–এর প্রতিনিধি দল।
সোমবার বিকেলে ঢাকা পৌঁছেই প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সফরের অংশ হিসেবে দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা এবং নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।
আইআরআইয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলেন, “এই মিশন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থনের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করে। আমরা বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নির্বাচনী প্রতিযোগিতা ও নাগরিক সম্পৃক্ততার বাস্তব চিত্র বোঝার চেষ্টা করব।”
সংস্থাটি জানায়, মিশন শেষে তারা আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনী অখণ্ডতা বজায় রাখা ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার বিষয়ে সুপারিশসহ একটি নিরপেক্ষ মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করবে।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত আইআরআই এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২৫০টিরও বেশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পরিচালনা করেছে। সংস্থাটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক, নির্দলীয় প্রতিষ্ঠান, যা গণতন্ত্র ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করে আসছে।