প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ আগের ছয় মাসের পরিবর্তে চার মাস হবে। এর মধ্যে তিন মাস প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এবং এক মাস মাঠপর্যায়ে ও গ্রাম সংযুক্তি অন্তর্ভুক্ত থাকবে।
কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির সর্বোচ্চ বয়স ৪৫ বছর থেকে বাড়িয়ে ৪৭ বছর নির্ধারণ করা হয়েছে। পিএইচডি শিক্ষার্থীদের প্রতি বছর তত্ত্বাবধায়ক থেকে অগ্রগতি সংক্রান্ত প্রত্যয়ন মন্ত্রণালয়ে জমা দিতে হবে, তা না হলে বেতন স্থগিত থাকবে।
প্রধান উপদেষ্টা সভায় আরও বলেন, সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে মানদণ্ডভিত্তিক পর্যবেক্ষণ ও র্যাংকিং করতে হবে। একটি স্বাধীন ইউনিট গঠন করে সমস্ত গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রম মূল্যায়ন করা হবে এবং বিদেশ থেকে প্রশিক্ষণ নেওয়া কর্মকর্তাদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা হবে।
সঞ্জীবনী প্রশিক্ষণের নাম পরিবর্তন করে এখন তা ‘দক্ষতা নবায়ন প্রশিক্ষণ’ হিসেবে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ হালনাগাদকৃত কারিকুলামে মাঠপর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পরিচালিত হবে।
এছাড়া কর্মকর্তাদের সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী মনোভাব গঠনের জন্য Virtue, Morality, Behavioral Science ও Code of Ethics বিষয়গুলো নতুন প্রশিক্ষণ মডিউলে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রমের সার্বিক মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণের জন্য গবেষণা, পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদকে সভাপতি করে একটি নির্বাহী কমিটি (ইসিএনটিসি) গঠন করা হয়েছে।