মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: যৌতুকের টাকার জন্য নিজ স্ত্রীকে প্রায়ই অমানসিক নির্যাতন করে মাদকাসক্ত আকবর আলী (৩০)। তবে ওই দিন আকবর তার বৃদ্ধা শ্বাশুড়ি ফাতেমা (৫৫) এর সামনেই তার স্ত্রীকে বেধড়ক মারধর করছিল। এতে বাধা দেয়ায় আকবর তার বৃদ্ধা শ্বাশুড়িকেও মেরে গুরুতর আহত করে
সূত্রে জানা যায়, বুধবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে এ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের মেছিডেঙ্গি গ্রামে আব্দুল মুন্নাফের ছেলে আকবর আলীর বাড়িতে ঘটনাটি ঘটেছে ।
আহত বৃদ্ধা ফাতেমাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবং মারধরের ঘটনায় গৌরীপুর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়।
উল্লেখিত একই ইউনিয়নের কাউরাট গ্রামের আবুল কাশেমের স্ত্রী ফাতেমা জানান তার মেয়ে নার্গিসকে ১২ বছর আগে আকবর আলীর সাথে বিয়ে দেন। বিয়ের পর তার মেয়ে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক হয়। বিয়ের শুরু থেকেই আকবর আলী নানা অজুহাতে তার মেয়েকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। মেয়ের সুখের কথা ভেবে বেশ কয়েকবার তাকে টাকাও দেয়া হয়। এক পর্যায়ে আকবর জুয়াসহ মাদক নেশায় আসক্ত হলে বাপের বাড়ি থেকে পুনরায় টাকা আনার জন্য নার্গিসের ওপর প্রতিনিয়ত নির্যাতন শুরু করে।
ঘটনার দিন ফাতেমা মেয়ে জামাতার বাড়িতে বেড়াতে গিয়ে দেখেন, আকবর আলী তার মেয়েকে টাকার জন্য মারধর করছে । এসময় এর প্রতিবাদ করায় আকবর ক্ষিপ্ত হয়ে তাকে (শ্বাশুড়িকে) বেধড়ক মারধর করে আহত করে।
স্থানীয় লোকজন জানান, আকবর আলী একজন জুয়ারী ও মাদকসেবী। সে নার্গিসকে না জানিয়েই ২য় বিয়ে করেছে অভিযোগ রয়েছে।
গৌরীপুর থানার এস আই রুহুল আমীন সাংবাদিকদের জানান উল্লেখিত ঘটনায় ফাতেমা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তের পর উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।