ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত বিধান কার্যকর হলে কোনও ব্যক্তিকে গ্রেফতার করার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু বা আইনজীবীকে জানাতে হবে। এই সময়সীমা অতিক্রম করা যাবে না।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিদ্যমান আইনে কোনও ব্যক্তিকে গ্রেফতারের পর ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি গ্রেফতারের পরপরই স্বজনদের জানাতে উচ্চ আদালতের নির্দেশনাও আছে। নতুন এই সংশোধন সেই বিধানকে আরও সুস্পষ্ট ও বাধ্যতামূলক রূপ দেবে বলে মনে করা হচ্ছে।