জার্মানবাংলা২৪ রিপোর্ট: ঢাকা মহানগর পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজান-এর বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ডিআইজি মিজানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) এ তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, মরিয়ম আক্তার ইকো নামে এক তরুণীকে তুলে নিয়ে জোর করে বিয়ে করার অভিযোগ ওঠে মিজানের বিরুদ্ধে। এসময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ওই তরুণীর বিরুদ্ধে রমনা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে এনিয়ে তোলপাড় শুরু হয়। এ অবস্থায় পুলিশ সদর দফতরের নির্দেশে অতিরিক্ত আইজিপি (অর্থ) মইনুর রহমান চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
এর আগে অভিযোগ ওঠার পরপরই ডিআইজি মিজানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদ থেকে প্রত্যাহার করে নেয়া হয়।