আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের ভেতরে আবার সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
রোববার রাতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, “আগামীকাল (সোমবার) বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়স্থ বাদাম তলায় সকল মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থায় কর্মরতদের মিছিল সহকারে সমবেত হওয়ার জন্য অনুরোধ করা হলো।”
বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন- ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ- ২০২৫’এর খসড়া অনুমোদন দেয়।
পরে শনিবারে সচিবালয়ের কর্মচারীরা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানের আন্দোলনে নামে। রোববারও আন্দোলন চালিয়ে যান তারা।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সমাবেশ করেন কর্মচারীরা। সেখানে দাবি পূরণ না হলে সোমবার সচিবালয়ে তালা ঝুলিয়ে দেয়ার ঘোষণা দেন কর্মচারীরা। পরে মিছিল নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যান। এরপর সেখান থেকে বের হয়ে তাঁরা সচিবালয়ে মূল ফটকের কাছে যান। এ সময় কিছুক্ষণের জন্য ফটক বন্ধ করে দেয়া হয়।
খসড়াকে ‘কালো আইন’ উল্লেখ করে এর প্রত্যাহার চান বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। অধ্যাদেশের খসড়া বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
কর্মকর্তা-কর্মচারীদের দাবি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তিসহ চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে।
তাদের অভিযোগ, অধ্যাদেশটির খসড়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই সরকারকে পুনর্বিবেচনারও দাবি করছেন তারা।