জার্মানবাংলা২৪ ডটকম, পাবনা প্রতিনিধি: পাবনার বেড়ায় এক যুবক তার মা, ছোট ভাই ও খালাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, বুধবার ভোরে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
তিনি বলেন, যার বিরুদ্ধে অভিযোগ, তুহিন নামের ২২ বছর বয়সী সেই যুবক ঘটনার পর থেকে পলাতক।
নিহতরা হলেন- তুহিনের মা বুলি খাতুন (৪৮), ছোট ভাই তুষার (১০) এবং খালা মরিয়ম খাতুন (৫০)।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বুধবার ভোর রাতে একটি ধারালো চাপাতি দিয়ে তুহিন বাড়িতে ঘুমিয়ে থাকা মা, ছোট ভাই তুষার ও খালাকে কুপিয়ে হত্যা করে।
“এ সময় চিৎকারে পাশের ঘর থেকে তুহিনের স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে এলে তুহিন পালিয়ে যায়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান পুলিশ কর্মকর্তা আশিস।
তিনি বলেন, “তুহিন মানসিক ভারসাম্যহীন বলে তার স্ত্রী রুনা আকতার দাবি করলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”