নির্ঝর চৌধুরী সংগীত শিল্পী, সংগীত পরিচালক, লেখক, শিক্ষক ও উপস্থাপক। ছায়ানটে ৮ বছর রবীন্দ্রসংগীত ও শাস্ত্রীয় সংগীতে তালিম নেয়ার পর সেখানেই শিক্ষকতা করেন প্রায় ১৪ বছর। জাতীয় পর্যায়ে শাস্ত্রীয় সংগীতে স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী নির্ঝর চৌধুরী দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সংগীতেও (কর্ণাটক) তালিমপ্রাপ্ত। প্রথম তরুণ বাংলাদেশী হিসেবে বাংলাদেশের মঞ্চে কর্ণাটক সংগীত তিনিই প্রথম পরিবেশন করেন।

তাঁর পরিচালিত প্রকাশিত এলবামের সংখ্যা ৫০ টিরও অধিক। রবীন্দ্রসংগীতের প্রথম একক প্রকাশিত হয় বেঙ্গল মিউজিক থেকে। বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, নেপাল ও আমেরিকাতে সংগীত পরিবেশন করেছে কয়েকবার।

টিভি উপস্থাপক হিসেবেও কাজ করছেন অনেকদিন ধরে।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা মনোবিজ্ঞান এবং পরবর্তীতে ইউডা থেকে সংগীতে দ্বিতীয়বারের মত স্নাতকোত্তর সম্পন্ন করেন। গ্রীন ইউনিভার্সিটিতে খন্ডকালীন প্রভাষক হিসেবে কাজ করেছেন।

প্রকাশিত বইয়ের সংখ্যা ৬। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত প্রবন্ধ ১। বর্তমানে লুবনা মরিয়মের প্রতিষ্ঠান ‘কল্পতরু’র অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন এবং কাজ করছেন বেশ কিছু চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবে।

২০২৩ সালে মুক্তি পেতে যাচ্ছে নির্ঝর চৌধুরীর সংগীত পরিচালনায় বেশ কিছু চলচ্চিত্র। তাঁর মধ্যে রয়েছে প্রখ্যাত নির্মাতা অভিনেতা আফজাল হোসেন-এর পরিচালনায় নির্মিত অনুদানের শিশুতোষ চলচ্চিত্র ‘মানিকের লাল কাঁকড়া’, আমিনুল ইসলাম বাচ্চুর ‘ফুলজান’, মিনহাজ কিবরিয়ার ‘বিফোর আই ডাই’, সবুজ খানের ‘বেহুলা” ইত্যাদি।
তিনি বাঙালি সংস্কৃতি ও তার শিল্প সত্ত্বার নানান দিক নিয়ে কাজ করতে চান । বাংলাদেশকে শৈল্পিক রূপে তুলে ধরতে চান বিশ্বসংস্কৃতির মানচিত্রে।