আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে নুন্যতম গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চায় না। কারণ তারা মনে করে এ সুযোগ যদি একবার জনগনকে দেয়া হয় তারা আওয়ামী লীগকে প্রত্যাখান করবে। এ অবস্থা যদি হয় তাহলে তার এলাকার মানুষ আগামীতে আওয়ামী লীগকে ভোট দেবে না।
সোমবার (১১ জুন) দুুপুর ১টার দিকে ব্যারিস্টার মওদুদ আহমেদকে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরাহাটে বিভিন্ন এলাকায় গিয়ে নেতা-কর্মীদের সাথে ইফতার ও ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পুলিশী বাধা দেয়া নিয়ে তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দুই দিন পেরিয়ে গেলে তাকে এখনো চিকিৎসকের কাছে নেয়া হয়নি। তার চিকিৎসা নিয়ে সরকার ছলচাতুরী করছে। তার এ সংকট অবস্থায় কিছু হলে দায়দায়িত্ব এ সরকারের উপর পড়বে। এ দেশের ১৬ কোটি মানুষ তা মেনে নেবে না।
মওদুদ আহমদ আরো বলেন, আমি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য। কিন্তু আজ আমাকে আমার নিজ এলাকায় সভা-সমাবেশ, গণসংযোগ করতে দেওয়া হয়না। থানার ওসিরা আমার সহকারীদের ফোন করে নিষেধজ্ঞা জারি করে। আমার বাড়ীর চারপাশে পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে। এসব পুলিশরা আবার আমার প্রতিবেশীদের নানাভাবে হয়রানি করছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় মওদুদ আহমদের সাথে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।