করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আরও ৯ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেছেন অন্তত ২৫৫ জন বাংলাদেশি।
শুধু নিউইয়র্কেই ২৩০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শনিবার লং আইল্যান্ডে মারা যান ৩০ বছরের গৃহবধূ তসনিম নাওয়ার তমা। আরও মারা গেছেন ৮২ বছরের মোহাম্মদ হক এবং পঁচাত্তর বছর বয়সী রাশেদা বেগম।
এদিকে, শহরের তিনটি হাসপাতালে প্রাণ হারিয়েছেন মওলানা মুজাহিদ আলী, আলতাফ হোসেন, কাজী মোহাম্মদ, সাব্বির আহমেদ, মোহাম্মদ সামাদ ও মোহাম্মদ নুরুদ্দীন। এ ছাড়া নিউজার্সিতে ৮ জন, মিশিগানে ৬, ভার্জিনিয়ায় ৩, মেরিল্যান্ডে ২ এবং বস্টনে আরও ২ জন বাংলাদেশি মারা গেছেন। এছাড়াও অন্যান্য রাজ্যে মারা গেছেন ২১ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছে যুক্তরাজ্যে। সেখানে কমপক্ষে দেড়শ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মারা গেছেন অন্তত ৭৭ প্রবাসী। এ নিয়ে বিভিন্ন দেশে করোনায় পাঁচ শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নয়জনের মধ্যে সাতজন ষাটোর্ধ্ব। আর দুজন নারী। এদের মধ্যে শনিবার মারা গেছেন ৫ জন। আর আগের দিন রাতে মারা গেছে ৪ জন।
উল্লেখ্য ,করোনায় বিভিন্ন দেশে পাঁচ শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে।