রেজাউল করিম বিপ্লব ময়মনসিংহ থেকে: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শাহজাহান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীর নিহত হয়েছে। জানাযায়, মাদকবিরোধী অভিযান চলা কালে পুলিশের সাথে শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার আঠারবাড়ি তেলোয়ারী খালবলা মোড়ে আবুল খায়েরের গ্যারেজের পার্শে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও তেলোয়ারি এলাকার জসিম উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী শাহজাহান নিহত হয়। পুলিশ জানায়, বন্দুক যুদ্ধে নিহত শাহজাহানের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন একটি রামদা একটি কিরিচ ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, তিনি সহ এ অভিযানে এস আই খন্দকার আলমামুন, এএসআই মোজাহারুল আহত হন। নিহত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় ৭টি মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই খন্দকার আল মামুন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন।