ভারতে মুসলিম হত্যা, মসজিদে আগুন ও বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। ৬ মার্চ (শুক্রবার) বাদ আছর ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
শহরের বাজারষ্টেশন স্বাধীনতা স্কয়ারে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিবউল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় ওলামা শাখার সেক্রেটারী মুফতি আহমদ উল্লাহ সিরাজী, শিক্ষক ফোরামের সভাপতি মুফতি রুহুল আমিন রাজি, সেক্রেটারী মাও. আব্দুস সামাদ, উপদেষ্টা মাওলানা রেজাউল করিম, মাওলানা জিয়াউল হক, হাফেজ হাবিবুল্লাহ, মাও. রুহুল আমিন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল কাদের প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভারতে মুসলমানদের গণহত্যা ও মসজিদ ধ্বংসকারী নরেন্দ্র মোদিকে মুজিব জন্মশতবার্ষিকীতে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। নরেন্দ্র মোদি যদি বাংলাদেশে প্রবেশ করে তবে দেশের সকল বিমানবন্দর অবরোধ করা হবে।
আগামী ১৭ তারিখের আগেই যদি নরেন্দ্র মোদির সফর বাতিল করা না হয় তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির ঘোষিত ১৩ মার্চ সারাদেশের প্রতিটি থানায় বিক্ষোভ করা হবে।