আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে মাদক বিরোধি বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় এক নারী মাদক ব্যবসায়ীসহ ১১জনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা ও ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বুধবার (২৩ মে) বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, সারাদেশের মতো গত কয়েকদিন যাবৎ জেলায় মাদক বিরোধি বিশেষ অভিযান পরিচালিত হয়ে আসছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সম্রাজ্ঞী মমতাজসহ ১১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. একেএম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযানে গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক আইনে একাধিক করে মামলা রয়েছে। এছাড়া নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।