আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে লুৎফুর নাহার সাথি (১৯) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ।
শনিবার (১৯ মে) দুপুরে ওই ইউনিয়নের বেলানগর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত লুৎফুর নাহার সাথি ওই ইউনিয়নের বেলানগর গ্রামের ছুপি আহাম্মেদের বাড়ির আরমানের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, বেশ কয়েকদিন থেকে গৃহবধূ লুৎফুর নাহার সাথির সাথে তার স্বামী আরমানের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। শুক্রবার রাতেও স্বামী আরমানের সাথে সাথির পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে ভোর রাতে কোন এক সময় ঘরের ভিতরে সিলিং এর সাথে ওড়না দিয়ে পেছিয়ে আত্মহত্যা করে। সকালে ঘরের লোকজন সাথির গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে সুধারাম থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।