জার্মান-বাংলা ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ইস্পাত কারখানার পক্ষ থেকে বিতরণ করা ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড়ের চাপে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৪ মে, সোমবার দুপুরের আগে আগে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের গাতিয়াডাঙ্গায় এক মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।
কেএসআরএম শিল্প গ্রুপের মালিকের গ্রামের বাড়ি গাতিয়াডাঙ্গায়। তার পরিবারের পক্ষ থেকে প্রতি বছর রোজার আগে স্থানীয় দুস্থতের মধ্যে ইফতারি তৈরির বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় সোমবার নলুয়ায় ওই মাদ্রাসার মাঠে ইফতার সমাগ্রী বিতরণের ব্যবস্থা হলে সকাল থেকে প্রায় ২৫ হাজার লোক জড়ো হয়।
সেখানেই ‘অতিরিক্ত ভিড়ের মধ্যে গরম আর চাপাচাপিতে’ মৃত্যুর এ ঘটনা ঘটে বলে নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার জানান।
চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, ভিড়ের মধ্যে অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে মানুষের মৃত্যু হয়েছে। পুলিশ এ পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করেছে। আর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
যে নয় জনের লাশ উদ্ধার হয়েছে, তাদের সবাই নারী বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার রেজাউল মাসুদ। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেএসআরএম-এর সিইও মো. মেহেরুল করিম বলেন, প্রতি বছরের মত এবারও ইফতার সমাগ্রী বিতরণের সময় তাদের এমডি মো. শাজাহান ওই মাঠে উপস্থিত ছিলেন। ছোলা, সেমাই, চিনি, পেঁয়াজের মত বিভিন্ন পণ্য মিলিয়ে ২০ হাজার মানুষের জন্য প্যাকেট তৈরি করা হয়েছিল। অন্য বছর কেবল এ গ্রামের লেকজনকে দেওয়া হয়। এবার আশপাশের অন্য কয়েকটি গ্রামের লোকজন চলে আসায় ভিড় বেড়ে গেছে। আমরা স্থানীয় প্রশাসন ও পুলিশকে আগেই জানিয়ে রেখেছিলাম। পুলিশ এসেছিল, আমাদের নিজস্ব সিকিউরিটির ১০০ জনের বেশি লোক ছিল। একটা মেডিকেল টিমও রাখা হয়েছিল মাঠের পাশে। তারপরও একটি দুর্ঘটনা ঘটে গেছে।