নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অপহৃত পোল্ট্রি ব্যবসায়ীকে অপহরণের ৬ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১টার দিকে সিরাজপুর ইউপির ৫নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে।
রোববার (১৩ মে) সকালে পুলিশের হাতে আটক অপহরণকারী চক্রের সেকেন্ড ইন কমান্ড সুজনের তথ্য অনুসারে অপহৃতা ব্যবসায়ী মো.জসিম উদ্দিন (৩০) কে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী দেলোয়ার হোসেন সুজন (২২), ও অপহরণ চক্রের এক নারী সদস্য শিল্পীকে আটক করেছে পুলিশ।
অপহৃত জসিম সিরাজপুর ইউপির ৫নং ওয়ার্ডের দানা মিয়ার বাপের বাড়ির মৃত-আবদুল বারেক’র ছেলে। অন্যদিকে, আটক অপহরণকারী সুজন সিরাজপুর ইউপির ৩নং ওয়ার্ডের চনু মিয়া মেস্তরী বাড়ির নুরনবীর ছেলে।
থানাসুত্রে জানা যায়, সিরাজপুর ইউপির ৩নং ওয়ার্ডের অপহরণ চক্রের কাজী, সুজন, হৃদয়, মামুন, রাজীব’র নেতৃত্বে একই ইউপির ৫নং ওয়ার্ডের ব্যবসায়ী জসিমকে রোববার রাত ১টার দিকে অপহরণ করে। পরবর্তিতে অপহরণ চক্র মুঠোফোনে অপহৃতার পরিবারের কাছে ২লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃতার পরিবার বিষয়টি কোম্পানীগঞ্জ থানা পুলিশকে জানায়। কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহৃরণকারীদের অবস্থান নির্ণয় করেন। মোবাইল ট্র্যাকিংয়ের সূত্র ধরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় মুক্তিপনের জন্য অপেক্ষারত অপহরণকারী সুজনকে পুলিশ আটক করে। এ সময় অপহরণকারী চক্রের অপর সদস্য কাজী, হৃদয়, মামুন, রাজীব পালিয়ে যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হবে।