জার্মানবাংলা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত ভুল ছিল’ তা স্বীকার করায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে আয়োজিত কর্ম পরিকল্পনা বিষয়ক সভার সূচনা বক্তব্যে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘এই স্বীকারোক্তির মাধ্যমে আমি মনে করব, তারা জামায়াতকে পরিত্যাগ করবেন এবং জামায়াতকে যদি বিএনপি পরিত্যাগ না করে তবে কামাল হোসেন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটাই আশা করি।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, তার দলের সংসদ সদস্যদের শপথ না নেয়ার যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, সেই ভুল সিদ্ধান্তটিও তিনি পরিবর্তন করবেন।’
এসময় তথ্যমন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ, প্রধান তথ্য কর্মকর্তা বেগম কামরুন নাহার, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউডের মহাপরিচালক মো. শাহ আলমগীর, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, তথ্য কমিশনার নেপেল চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।