জার্মানবাংলা ২৪ ডটকম: মামলা, হামলা, জেল-জুলুমসহ নানা অত্যাচারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন অস্তিত্বের সংকটে। গত প্রায় ১০ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৯০ হাজার ৩৪০টি মামলা করা হয়েছে। এসব মামলায় ২৫ লাখ ৭০ হাজার ৫৪৭ জনকে আসামি করা হয়েছে। জেল হাজতে পাঠানো হয়েছে ৭৫ হাজার ৯২৫ জন নেতাকর্মীকে ।
শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, ২০০৯ সাল থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির ১ হাজার ৫১২ জন নেতাকর্মী নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিএনপির নেতাকর্মীদের নিহত হওয়ার সংখ্যা ৭৮২। মোট গুম হয়েছেন ১ হাজার ২০৪ জন। এর মধ্যে ৫৮১ জনকে পরবর্তীকালে অনেকদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে। গুম হয়ে আছেন এখন পর্যন্ত ৪২৩ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুরুতর জখম হয়েছেন ১০ হাজার ১২৬ জন। বিএনপির মহাসচিব বলেন, ‘এগুলো রেকর্ড রয়েছে। এছাড়া আরো আছে যেগুলো রেকর্ড করা সম্ভব হয়নি।’
মির্জা ফখরুল জানান, গত ১ সেপ্টেম্বর থেকে এক মাসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দায়ের করা হয়েছে ৪ হাজার ১৪৯টি। এজহারগুলোতে নাম দিয়ে দায়ের করা মামলায় জ্ঞাত আসামি হচ্ছে ৮৬ হাজার ৬৯২ জন। আর অজ্ঞাত হচ্ছে ২ লাখ ৭৬ হাজার ২৭৭ জন। জ্ঞাত এবং অজ্ঞাত মিলিয়ে ৩ লাখ ৬২ হাজার ৯৬৯ জন। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৪ হাজার ৬৮৪ জন। রিমান্ডে নেওয়া হয়েছে ২৪৭ জনকে।