হাতিরঝিলের চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সি সার্ভিসে র্যাপিড পাসের মাধ্যমে ই-টিকিটিং পদ্ধতি চালু হচ্ছে আগামী ২০ জুলাই থেকে। গত ১৪ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এই স্মার্ট টিকিটিং কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম গণমাধ্যমকে জানান, চালুর দিন থেকেই চক্রাকার বাসগুলো এফডিসি পর্যন্ত গিয়ে আবার হাতিরঝিলে ফিরে আসবে। এতে যাত্রীরা মেট্রোরেল থেকে নেমে কারওয়ান বাজার হয়ে হাতিরঝিলের বাস ও ওয়াটার ট্যাক্সিতে একই র্যাপিড পাস কার্ড ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।
ধ্রুব আলম আরও জানান, “বাসের জন্য চারটি এবং ওয়াটার ট্যাক্সির জন্য দুটি ঘাটে র্যাপিড পাস কার্যক্রম চালু হচ্ছে। প্রাথমিকভাবে মোট ১০টি মেশিন স্থাপন করা হবে।”
ওয়াটার ট্যাক্সির দুইটি ঘাট-এফডিসি ও পুলিশ প্লাজায়-মেশিন বসানো হচ্ছে। গুদারাঘাট ও রামপুরা ঘাটে আগামী আগস্টে মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, চক্রাকার বাস সার্ভিসের জন্য নির্ধারিত ১০টি কাউন্টারের মধ্যে ছয়টিতে-এফডিসি, পুলিশ প্লাজা, রামপুরা ও বাড্ডায়-মেশিন স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ডিটিসিএ।