রেজাউল করিম বিপ্লব, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধূ তার স্বামীকে জুয়া খেলা থেকে ফেরাতে না পেরে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটেছে ১৬ মে বুধবার উপজেলা মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়ায়, দু’বছর পূর্বে নওপাড়া গ্রামের রুবেলের সাথে বিয়ে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার হরিয়ানা গ্রামের সোনিয়া আক্তার নামের এক গার্মেন্টস কর্মীর। বিয়ের পর থেকে স্বামী জুয়া খেলায় জড়িয়ে পড়ে। সোনিয়া স্বামীকে জুয়া খেলা থেকে বিরত রাখতে অনেক চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হয়নি।
এদিকে সোনিয়া তার স্বামীকে জুয়া খেলা থেকে বিরত থাকার কথা বললে রুবেল তাকে প্রায়ই মারধর করতো। বুধবার রুবেল বাড়ি থেকে ধান বিক্রি করে জুয়া খেলতে যায়। এ ঘটনায় স্ত্রী সোনিয়া অভিমান করে ঘরের সামনে জলপাই গাছে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসী মনে করছে। ১৭ মে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সোনিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।