জার্মানবাংলা ডেস্ক: মানব দেহে কাঁচা কলার উপকারিতা অনেক। যেমন-
পটাশিয়ামের ঘাটতি দূর করে: এক কাপ কাঁচা কলায় প্রায় ৫৩১ মিলিগ্রাম পটাশিয়াম থাকে, যা পেশির গঠনের উন্নতি ঘটানোর পাশাপাশি নার্ভ এবং কিডনির কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে। রক্তে যাতে কোনো ধরনের ক্ষতিকারক উপাদান থাকতে না পারে, সেদিকেও খেয়াল রাখে কাঁচা কলা।
ওজন কমাতে সাহায্য করে: কাঁচা কলায় উপস্থিত রেজিস্টেন্স স্টার্চ হজম হতে সময় নেয়। ফলে বহুক্ষণ ক্ষিদে পায় না। আর ক্ষিদে না পেলে খাবার খাওয়ার পরিমাণও কমতে শুরু করে। ফলে শরীরে ক্যালরির প্রবেশ ঘটে কম। আর এমনটা দীর্ঘ দিন ধরে যখন হতে থাকে, তখন ওজন কমতে সময় লাগে না।
ভিটামিনের চাহিদা মেটায়: কাঁচা কলায় প্রচুর পরিমাণে বিটামিন বি৬ এবং ভিটামিন সি রয়েছে। এই দুটি ভিটামিন শরীরের গঠনে বিশেষ ভূমিকা পালন করে। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে সংক্রমক রোগকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অন্যদিকে ভিটামিন বি৬ শরীরে এনার্জির ঘাটতি দূর করার পাশাপাশি ত্বক এবং চুলের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। তাই সুস্থতায় প্রতিদিনের খাবারের তালিকায় কলা রাখা উচিত।