এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবিউল করিম ঠান্ডু নামের এক আদম ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার সময় সড়কে বেড়িকেট দিয়ে মাইক্রোবাসসহ ৬ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে এলাকাবাসি। শনিবার সন্ধার দিকে উপজেলার মুলকান্দি বাজারে এঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসটিও ভাংচুর করে।
আটককৃৃতরা হলেন, মাইক্রোবাসের ড্রাইভার কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট গ্রামের নাসির উদ্দিন (৩৭), ঝিনাইদহের আব্দুর রশিদের ছেলে আব্দুল আলীম (৩২), রায়গঞ্জ উপজেলার চন্ডিদাসগাতি গ্রামের রইচ উদ্দিনের ছেলে কবির হোসেন (৩২), পাঙ্গাসী গ্রামের আবুল কাশেমের ছেলে ফরহাদ হোসেন (৩৫), মনোহারা পাঙ্গাসী গ্রামের রোস্তম আলীর ছেলে মানিক শেখ (৪০) ও উল্লাপাড়া উপজেলার স্টেশন এলাকার মোটরসাইকেল মেকার আব্দুল খালেক জোয়ারদারের ছেলে সুমন (৩৫)। এ ছাড়া পালিয়ে যাওয়া ব্যক্তির নাম নোমান বলে জানা গেছে।
আদম ব্যবসায়ী রবিউল করিম ঠান্ডু বলেন, সন্ধার দিকে মুলকান্দি বাজারের একটি চায়ের দোকানে বসে আমি চা খাচ্ছিলাম। এ সময় একজন অপরিচিত লোক আমার কাছে এসে বলে আপনাকে স্যার ডাকে। আমি যেতে না চাইলে আরো কয়েকজন লোক আমার কাছে এগিয়ে এসে বলে আমরা ডিবির লোক আপনার সাথে কথা আছে। ওই দিকে চলেন। এই বলেই জোর করে তারা আমার হাত ধরে টেনে নিয়ে যায় একটি সাদা রঙের মাইকোবাসের কাছে। পরে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে দড়জা আটকিয়ে দিয়েই গাড়ি চালাতে শুরু করে। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করি। তারপর ওই বাজার থেকে আমার বাড়িতে ফোন করে খবর দিলে এলাকাবাসি শ্রীফলতলা বাজারে অবস্থান নিয়ে ভ্যানরিক্সা দিয়ে রাস্তা ব্যারিকেট করে আমাকে উদ্ধার করে।
তিনি আরো বলেন, মাইক্রোবাসে ড্রাইভারসহ মোট ৭ জন লোক ছিল। একজন পালিয়ে যায়। বাকি ৬ জনকে আটক করে এলাকাবাসি। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হুদা জানান, আসামীদের আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে এর সঠিক কারণ পরে জানানো হবে বলে তিনি জানান।