জার্মানবাংলা২৪ ডটকম: সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির অভিযোগে রংপুরে দায়ের করা একটি মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রংপুরের একটি মামলায় ব্যারিস্টার মঈনুল হোসেনকে উত্তরা থেকে আটক করেছে ডিবির একটি দল। তাকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন জানান, আ স ম আব্দুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এমন প্রশ্নে রেগে গিয়ে মঈনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শো ‘একাত্তরের জার্নাল’ এ ব্যারিস্টার মঈনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন- আপনি বলেছেন আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আপনি জামায়াতের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকেন।’